Tuesday, November 10

রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু এভিনিউ) অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে কার্যালয়ের সামনের রাস্তায় বেশ কয়েকটি দলকে ক্রিকেট খেলতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন— ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি।

বিক্ষোভ চলাকালে সাধারণ জনতা আওয়ামী লীগ কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ, খড় ও পলিথিন জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়লেও ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কার্যালয়ের সামনের রাস্তায় চারটি দলকে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায়। খেলায় অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ ভূঁইয়া বলেন,

“স্বৈরাচারের কোনো দালাল যেন এখানে আসতে না পারে, তাই আমরা রাত তিনটা থেকে এখানে অবস্থান নিয়েছি। একটু আগে একজনকে ধরেছিলাম, সে নাকি আওয়ামী লীগকে ভালোবাসে।”

ক্রিকেট খেলা প্রসঙ্গে তিনি বলেন,

“আমরা এই এলাকা দখল করে বসে আছি। তেমন কোনো কাজ নেই। পরে ছোট-বড় ভাইয়েরা মিলে খেলা শুরু করলাম। সারাদিন এখানেই থাকব, তাই একটু খেলা করছি।”

আরেকজন অংশগ্রহণকারী মোহাম্মদ শাওন, যিনি গুলিস্তানের একটি অফিসে চাকরি করেন, বলেন,

“আওয়ামী লীগকে সবাই ঘৃণা করে, আমিও করি। তাছাড়া আজ অফিসে কাজও কম, তাই এখানে চলে এসেছি।”

তিনি আরও যোগ করেন,

“ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করি, কিন্তু চাকরিতে ঢোকার পর সময় পাই না। খেলার মাঠও তো নেই। আজ সময় আর মাঠ দুটোই পেয়ে গেলাম, তাই খেলতে নেমেছি।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার।

এই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাক দেয়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 3