চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের। আদালত এলাকার চারপাশে স্থাপন করা হয়েছে বহুস্তর নিরাপত্তা বলয়। জনসাধারণ ও সাংবাদিকদের প্রবেশের সময় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়ের দিন ঘিরে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা এড়াতে কঠোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২৩ অক্টোবর এ মামলার সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি আন্তর্জাতিক পরিসরে মানবতাবিরোধী অপরাধের বিচারের নজির তুলে ধরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামিপক্ষের যুক্তির জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আর পাল্টা বক্তব্য দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি রায়ের তারিখ ঘোষণার জন্য ধার্য করে।
মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন তার বিষয়ে ট্রাইব্যুনালের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে, যদিও তার আইনজীবী যায়েদ বিন আমজাদ খালাসের আবেদন জানিয়েছেন।
মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে— উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগপত্রের মোট পৃষ্ঠা ৮,৭৪৭; এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, দালিলিক প্রমাণ ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে মামলার প্রতিবেদন জমা দেয়।
এদিকে, শেখ হাসিনার রায়ের দিন ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আগুন ও ককটেল বিস্ফোরণসহ সহিংসতার চেষ্টা চালাচ্ছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে প্রসিকিউশন জানিয়েছে, তারা ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা করছে না।

