ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না বলে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালার গেজেট প্রকাশ করে এ নির্দেশনা দেওয়া হয়।
গেজেট অনুযায়ী, রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ সরকারি-বেসরকারি ভবন, দেয়াল, গাছ, খুঁটি, যানবাহন বা জনপরিসরে কোনো প্রচার সামগ্রী সাঁটাতে পারবে না।
শুধুমাত্র নির্দিষ্ট স্থানে লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার টানানোর অনুমতি থাকবে। তবে সেগুলো সাদা-কালো হতে হবে।
- ব্যানারের আয়তন সর্বোচ্চ ১০ ফুট × ৪ ফুট,
- লিফলেট বা হ্যান্ডবিল A4 সাইজ (৮.২৭″ × ১১.৬৯″),
- ফেস্টুন সর্বোচ্চ ১৮ ইঞ্চি × ২৪ ইঞ্চি হতে পারবে।
ব্যানার বা লিফলেটে প্রার্থীর নিজস্ব ছবি ও নির্বাচনী প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ। তবে কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল তাঁর বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট আকারের ছবি ব্যবহার করতে পারবেন।
এছাড়া, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারসামগ্রী নষ্ট, বিকৃতি বা তার ওপর অন্য প্রার্থীর সামগ্রী লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

