নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বারাহিপুর গ্রামের মিলনের ছেলে মো. শোয়েব (২২) ও শাহ আলমের ছেলে মো. ফাহিম (২৩)। তারা একই গ্রামের প্রতিবেশী ও বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌমুহনী থেকে সোনাইমুড়ীর পথে মোটরসাইকেলে যাওয়ার সময় এক নারী হঠাৎ রাস্তা পার হতে গেলে তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খায়। এতে শোয়েব ঘটনাস্থলেই মারা যান এবং ফাহিমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গ্রহণ করবে।

