সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক আন্দোলনরত শিক্ষক বলেন, “প্রাইমারি শিক্ষকদের বেতন এত কম যে, কেউ তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। তাই আমার বয়স প্রায় পঞ্চাশ হলেও এখনো বিয়ে করতে পারিনি।”
তিনি আরও বলেন, “যখনই বিয়ের আলোচনা হয়, মেয়ের বাবারা বলেন—একজন প্রাইমারি শিক্ষকের কাছে কিভাবে মেয়ে দেব? আমরা ঘুষ নিই না, কিন্তু তারা খোঁজেন ঘুষখোর বা ভালো বেতনের চাকরিজীবী পাত্র।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন থামাতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দাবি বাস্তবায়ন হলে শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেবেন।
তিন দফা দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। পাশাপাশি সারা দেশের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম–শাহীন) সভাপতি মো. আবুল কাসেম, (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ এবং দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক মু. মাহবুবুর রহমান।
আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষক মো. মহিব বুল্লাহ বলেন, “আমরা তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখনও ন্যায্য দাবি বাস্তবায়িত হয়নি। তাই আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশি বাধা ও নির্যাতনের পর রবিবার (৯ নভেম্বর) থেকে সারা দেশে কর্মবিরতি শুরু হয়, যা এখনও চলমান।

