Wednesday, November 11

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারায় জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহাবুর রহমান স্নিগ্ধ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

স্নিগ্ধ বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনা এমনভাবে তার শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যেখানে দেশের সব মানুষ নিপীড়িত হয়েছেন। তারপরও আমার বাবা আমাদের খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।”

জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি আরও বলেন, “মুগ্ধকে হত্যার পর আমাদের গণভবনে ডাকা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সঙ্গে আপোষ না করায় আমাদের পালিয়ে বেড়াতে হয়েছিল।”

সন্তান হারানো মায়ের বেদনার কথা উল্লেখ করে স্নিগ্ধ বলেন, “বেগম খালেদা জিয়া যেমন তার সন্তানের মরদেহ ধরে কাঁদছিলেন, তেমনি আমার মা মুগ্ধর মরদেহ ধরে কাঁদছিলেন। এই অশ্রুর বিচার বাংলার মাটিতেই হবে।”

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদ ও পঙ্গু মানুষের বিচার একদিন হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের পাশে সবাইকে দাঁড়ানো ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মীর মাহাবুর রহমান স্নিগ্ধ।

Leave A Reply


Math Captcha
+ 40 = 44