কুমিল্লার তিতাসে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া সেই বক্তব্যের ১৪ সেকেন্ডের একটি ভিডিও রোববার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, বক্তৃতার সময় মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” কথা শেষ না করতেই পাশে থাকা নেতাকর্মীরা তাকে ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।
বিএনপি সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
বিষয়টি নিয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়ার নামের পরিবর্তে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”
এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, “বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

