Wednesday, November 11

শ্রীমঙ্গল উপজেলায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তারকৃত স্বপন মিয়া (৩৪) কুঞ্জবন এলাকার মৃত আরজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া নিয়মিত মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতেন। অবশেষে অভিনব কৌশলে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরাফত আলী। তিনি বোরকা পরে স্ত্রী সেজে এবং এক কনস্টেবলকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে স্বপনের বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কৌশলে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। স্বপন মিয়া দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে চলছিল। তাই বিশেষ কৌশলে অভিযান চালানো হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
5 + 2 =