Wednesday, November 11

বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিওর কর্মীদের বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেয়ার অভিযোগ উঠেছে। সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিওর এক কর্মী পাশ বইয়ে আংটি বাবদ ৮ হাজার ও বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা করেছেন বলে জানা গেছে।

শনিবার (৮ নভেম্বর) গৃহবধূ শ্রাবণী হীরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। তবে এনজিওটির কর্মকর্তারা দাবি করেছেন, শ্রাবণী হীরা স্বেচ্ছায় খুশি মনে তাদের হাতে আংটি, নাকফুল ও বদনা তুলে দিয়েছেন।

চিতলমারী উপজেলার আড়–য়াবর্নি গ্রামের বাসিন্দা শ্রাবণী হীরা জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। লাভসহ ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু সামান্য কিছু টাকা বাকি থাকতে তার স্বামী রিপন কাজের জন্য এলাকা ছাড়েন। এরপর কয়েকটি কিস্তি খেলাপি হলে গত ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে অফিসে নিয়ে যায়।

অভিযোগে তিনি বলেন, অফিসে নিয়ে তাকে ও তার তিন বছরের কন্যাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে এনজিও কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে জোরপূর্বক দুটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন এবং চাপ প্রয়োগের মাধ্যমে তার হাতের আংটি, নাকফুল ও একটি পিতলের বদনা রেখে ভিডিও ধারণ করেন। এ সময় তার শিশু ক্ষুধার কারণে কাঁদছিল। ভয় পেয়ে তিনি কাউকে কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে ডিএফইডি চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, “গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপি ছিল। তার কাছ থেকে নাকফুল নেয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখব।”

Leave A Reply


Math Captcha
1 + 6 =