Wednesday, November 11

শিক্ষা ডেস্ক | ৯ নভেম্বর ২০২৫

১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি (পাঠদান বন্ধ) ঘোষণা করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। আজ রবিবার (৯ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এই কর্মবিরতির ফলে দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন, ফলে ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে শিশুদের।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, “দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শহিদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।”

এর আগে তিনি অভিযোগ করেন, “পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট ছুড়েছে। আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।”

তিনি আরও জানান, “অনেকের হাতে-পায়ে ও পেটে রাবার বুলেট লেগেছে। একজন শিক্ষক পিজি হাসপাতালে ভর্তি আছেন, তার কপালের পাশে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। অনেক শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন। সাংবাদিক ভাইয়েরা সেখানে গিয়ে পরিস্থিতি দেখুন।”

শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

Leave A Reply


Math Captcha
13 + = 19