সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত ২৬৫ জন তরুণ গত দুই বছরে অবৈধ পথে ইতালি যেতে গিয়ে লিবিয়া থেকে ফিরে এসেছেন। কেউ ভিটেমাটি বিক্রি করে, কেউবা সুদের টাকায় ১৮ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন দালালচক্রকে। তবু ইউরোপের স্বপ্ন পূরণ হয়নি—বরং নির্যাতন, জিম্মি জীবন ও নিঃস্বতা নিয়েই দেশে ফিরতে হয়েছে তাদের।
গৌরারং ইউনিয়নের রাধানগর গ্রামের শাকিল আহমদ তেমনই একজন। ভালো কাজের আশায় তিনি ২০২৩ সালের মে মাসে দালালের সঙ্গে চুক্তি করেন। প্রাথমিকভাবে ৪.৫ লাখ টাকা পরিশোধ করে দুবাই যান, সেখান থেকে অবৈধভাবে মিসর হয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানে আবার নতুন করে শরীয়তপুরের এক দালালের সঙ্গে ৬.৫ লাখ টাকায় চুক্তি হয়—ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কিছুদিন পরই ওই দালাল তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
শাকিল জানান, পরে এক স্থানীয় দালালচক্র টাকা আদায়ের জন্য তাদের আবার কিনে নেয় এবং শুরু হয় নৃশংস নির্যাতন। মুক্তিপণ আদায় শেষে তিনি দেশে ফেরেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। “ঋণ করে বিদেশে গিয়েছিলাম, ভেবেছিলাম কষ্ট করে শোধ করব। এখন সব হারিয়ে নিঃস্ব অবস্থায় বেঁচে আছি,” বলেন শাকিল।
ভাটি সাফেলা গ্রামের জাকারিয়া আহমেদ ইয়াহিয়ার গল্পও একই রকম। চার লাখ টাকা খরচ করে দুবাই ও মিসর হয়ে লিবিয়া পৌঁছান। পরে আরও চার লাখ টাকায় ‘গেম’—অর্থাৎ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চুক্তি হয়। জাকারিয়া জানান, “আমাদের ১২০ জনকে একসঙ্গে নৌকায় তোলা হয়, কিন্তু মাঝসাগরে লিবিয়ার কোস্টগার্ড আমাদের ধরে ফেলে।”
পাঁচ দিন কারাভোগের পর কুমিল্লার এক মাফিয়া রাসেল নামে ব্যক্তির হাতে বিক্রি হন তারা। রাসেলের বাড়িতে অনেক বাংলাদেশি বন্দি ছিল। সবাইকে বাড়ি থেকে মুক্তিপণ আনতে বাধ্য করা হয়। জাকারিয়া বলেন, “আমাকে দুই দিনের মধ্যে ৬ লাখ টাকা আনতে বলা হয়। পরিবার জমি বিক্রি করে টাকা পাঠায়, তারপর মুক্তি পাই।”
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরলেও এখনও ধার-দেনার বোঝা শোধ করতে পারেননি তিনি।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, অনিরাপদভাবে ইউরোপে যাওয়ার দিক থেকে বাংলাদেশ বর্তমানে শীর্ষে, দ্বিতীয় অবস্থানে সিরিয়া। শুধু গত বছরেই বাংলাদেশ থেকে ১০ লাখের বেশি মানুষ বৈধভাবে বিদেশ গেছেন, অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় ১১৫ জন। তাদের বড় অংশই অদক্ষ শ্রমিক।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, “জেলা প্রশাসনে প্রবাসী কল্যাণ সেল আছে। দূতাবাসের নির্দেশনা পেলে আমরা কাজ করি। তবে অবৈধভাবে যারা প্রবাসে যান, তাদের বিষয়ে এই সেল কার্যক্রম পরিচালনা করে না।”
ব্র্যাকের এমআরএসসি কোঅর্ডিনেটর নজরুল ইসলাম জানান, “দালালের খপ্পরে পড়ে সুনামগঞ্জের ২৬৫ তরুণ লিবিয়া থেকে ফেরত এসেছেন। অনেকেই সাগরে মারা গেছেন, যাদের তথ্য আমাদের কাছে নেই। আমরা এখন বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি যেন তরুণরা আর অবৈধ পথে বিদেশ না যায়।”
📌 প্রতারণা, নির্যাতন আর হারানো স্বপ্নের গল্প এখন এই তরুণদের জীবনের তিক্ত বাস্তবতা—যেখানে ইউরোপের আলো দেখা হয়নি, বরং অন্ধকারেই ডুবে গেছে ভবিষ্যৎ।

