গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বকেয়া ও মজুরির দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেন। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে এর আগে রোববার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের তালিকায় রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজানি লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড, এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা।
কারখানা বন্ধের নোটিশে বলা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সরকারের সুনির্দিষ্ট ঘোষণার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি চললেও কর্তৃপক্ষ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছে। তবে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

