Sunday, November 1

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে এবং আইন না মেনে বিরোধী দল গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়নে সাধারণ আইন প্রয়োজন, আবার কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। সনদ বাস্তবায়ন করতে হলে এর একটি আইনি রূপ দিতে হবে। কিন্তু বিরোধী দল সংবিধান সংশোধন না করেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়।

তিনি বলেন, ‘তারা যেটা বলছে, তা গায়ের জোরে বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো আইনের দরকার নেই, সংবিধানের দরকার নেই।’

জুলাই সনদে বিএনপিসহ আরও অনেক রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এসব বিষয়ে আলোচনা করে আগে নিষ্পত্তি করা উচিত। কিন্তু বিরোধী দল কোনো কথাই শুনতে চায় না। এ সময় ১৯৭১ সালে স্বাধীনতার পর সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে সংশোধনের উদাহরণও তুলে ধরেন তিনি।

সরকারের উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন রিজভী

প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার বসে নেই। প্রধানমন্ত্রী দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন। চীন ও জাপান সফর করে ঋণ, অনুদান এবং বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তির উদ্যোগ নিয়েছেন, যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্য বাড়ে, বড় প্রকল্প গড়ে ওঠে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।

টয়োটার মতো বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা বাংলাদেশে স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা তুলে ধরে রিজভী বলেন, এ উদ্যোগ দারিদ্র্যের হার অন্তত ৫ শতাংশ কমাতে সহায়তা করবে।

শামসুল হুদার স্মৃতিচারণ

প্রয়াত শামসুল হুদার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তিনি ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী রাজনীতিক। কারও সঙ্গে ঝগড়া বা সংঘর্ষে জড়াননি তিনি।

রিজভী বলেন, রাজনৈতিক অঙ্গনে যখন মিথ্যাচার ও কলঙ্কলেপনের প্রবণতা বাড়ছে, তখন শামসুল হুদার মতো অভিভাবকতুল্য, নীতি-আদর্শে অটল নেতার অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে।

স্মরণসভায় ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা এবং দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ অন্যরা।

জামায়াতের লংমার্চ নিয়েও প্রশ্ন

এর আগে সকালে রাজধানীর খামারবাড়িতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, ‘জামায়াতের লংমার্চ করার যৌক্তিকতা কী, তা জনগণ জানে না, আমরাও বুঝতে পারছি না।’

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এ সংকট বিএনপি সরকার তৈরি করেনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। সরকার বিকল্প উৎস হিসেবে মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আনার উদ্যোগ নিয়েছে এবং দেশে জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসছে।

রিজভীর অভিযোগ, সরকার ইতিবাচক রাজনীতি শুরু করায় বিরোধী দলের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরতেই তারা লংমার্চের কর্মসূচি দিয়েছে। তবে এ কর্মসূচির যৌক্তিকতা ও জনসমর্থন নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Leave A Reply


Math Captcha
− 2 = 6