পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রত্যেককে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সম্প্রদায় দুটির স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের বিনা খরচে চিকিৎসা এবং কোনো কর্মীর মৃত্যু হলে এককালীন চার লাখ টাকা অনুদানের ব্যবস্থাও করেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহা. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

