Thursday, October 8

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালে ছিলেন। প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ঝিমলি চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন সিনেমায় কৌশানীকে দেখা যাবে এক মাছওয়ালির চরিত্রে। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটির প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে একেবারেই ভিন্ন রূপে হাজির হয়েছেন কৌশানী। মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ ও ডি-গ্ল্যাম লুকে তাকে দেখা গেছে। হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’

শুধু মাছ বিক্রি নয়, মাছ কাটতেও দেখা গেছে কৌশানীকে। বঁটির কাছে মাছ ঘষতে ঘষতে মজার ছলে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

এ সময় বাজারের হকারদের মতো গলা ছেড়ে মাছের হাঁকডাকও দিতে দেখা যায় তাকে। হাতে বড় মাছ তুলে কৌশানীর মুখে শোনা যায়, ‘দুইশ দুইশ, সিলভার দুইশ, বড় মাছ, টাটকা মাছ।’

শুটিংয়ের ফাঁকে কলাকুশলীদের সঙ্গে হাসি-ঠাট্টাতেও মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীকে। মাছ কাটার পাশাপাশি মাছের গন্ধ নিয়েও মজা করতে দেখা যায় তাকে।

এর আগে ‘বহুরূপী’ সিনেমায় কৌশানীর অভিনয় দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে ঝিমলি চরিত্রে তার নতুন রূপ দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই দেখার অপেক্ষা। তবে সিনেমা মুক্তির আগেই মাছওয়ালির চরিত্রে তার ব্যতিক্রমী উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সূত্র: আজকাল

Leave A Reply


Math Captcha
62 + = 67