‘দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না এবং কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।’ দিল্লিতে যাদের ‘হেডকোয়ার্টার’, তাদের দিল্লিতে চলে যাওয়ার কথাও বলেন তিনি।
মওদুদী প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, মওদুদীকে ব্রিটিশরা তৈরি করেছে এবং তিনি ভারতের দালাল ছিলেন। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে মিনু অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরির অভিযোগ তুলে মিনু বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার কারণে আগামী নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো ফল করবেন বলে মন্তব্য করেন তিনি।
আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানসংক্রান্ত দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান এবং সংগঠনের ঐক্য ধরে রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ ওলামা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

