Friday, November 6

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে গিয়ে প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানান মিয়া গোলাম পরওয়ার। পরে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন মিয়া গোলাম পরওয়ার।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ ও রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।

তিনি প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা স্মরণ করে বলেন, নরওয়ের জনগণের প্রতি তাঁর নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তাঁর নেতৃত্ব, বিনয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ২০২৬ সালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave A Reply


Math Captcha
+ 44 = 52