Friday, November 6

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২৯ আগস্ট) শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রসমাজ এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদল রাজপথে সব ধরনের চক্রান্ত রুখে দেবে।

তিনি বলেন, গুজব ও অপপ্রচার কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে দেশের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সত্যকে আড়াল করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

বাসিত আরও বলেন, ছাত্রদল যুক্তি, বস্তুনিষ্ঠ তথ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে এসব অপপ্রচারের জবাব দেবে। একই সঙ্গে দেশের ছাত্রসমাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রদল নেতারা গুজব প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।

Leave A Reply


Math Captcha
22 − = 17