Friday, November 6

মো. সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও প্রতিনিধি

স্বাস্থ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলা থেকে দৌড়বিদরা অংশ নেন। আয়োজন ঘিরে জেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে আব্দুর রশিদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় হাফ ম্যারাথন। কেউ অংশ নেন নিজের সক্ষমতা যাচাই ও রেকর্ড গড়ার প্রত্যয়ে, আবার কেউ সুস্থ জীবনযাপন, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দৌড়ান।

ঢাকা থেকে আসা দৌড়বিদ জিন্নাথ পারভীন বলেন, এ ম্যারাথন শুধু প্রতিযোগিতা নয়, বিভিন্ন জেলার মানুষের মধ্যে হৃদয়ের সংযোগ তৈরির একটি আয়োজন। তরুণ রানার এলিন খান বলেন, প্রতিটি কিলোমিটার একজন দৌড়বিদের জন্য নতুন চ্যালেঞ্জ; ফিনিশিং লাইনে পৌঁছানোর পাশাপাশি নিজের সীমাবদ্ধতাকে জয় করাও এ দৌড়ের অন্যতম লক্ষ্য।

ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে এবং মেসার্স গার্ডেনিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ঠাকুরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেও আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে দৌড়বিদদের জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ঘুরিয়ে দেখানো হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান। আয়োজকদের মতে, এবারের হাফ ম্যারাথন ছিল ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষের মিলনমেলা।

Leave A Reply


Math Captcha
3 + 4 =