Friday, November 6

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম।

আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় তিনি বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ করেন।

মামলার অভিযোগে বলা হয়, মোশাররফ হোসেন বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য খোঁজ করছিলেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য পাওয়ার পর বিদিশা সিদ্দিক ২০০১ সালের ১ জুলাই তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং সেটি বিক্রির প্রস্তাব দেন। পরে ফ্ল্যাটটি ৮০ লাখ টাকায় বিক্রির জন্য চুক্তি হয়।

অভিযোগ অনুযায়ী, ১০ জুলাই বিদিশা মোশাররফ হোসেনকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন। সেখানে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলা হয়। পরে মোশাররফ হোসেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। এরপর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের মধ্যে পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে রয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =