Friday, November 6

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহার সহজ করতে শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থী হওয়ার প্রমাণ দিতে হবে।

‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় গত শুক্রবার বিশ্বব্যাপী এ সুবিধা চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। অফারটির অধীনে শিক্ষার্থীরা এক বছর বিনামূল্যে গুগলের জেমিনি ব্যবহারের পাশাপাশি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। পাশাপাশি গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ও থাকছে।

কারা পাবেন

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা এ সুবিধা নিতে পারবেন। এজন্য নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট, দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র এবং বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র থাকতে হবে। শিক্ষার্থীর বয়সও ১৮ বছরের বেশি হতে হবে।

যেভাবে নিতে হবে

প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে বাংলাদেশ নির্বাচন করতে হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম দেওয়ার পর স্টুডেন্ট আইডি অথবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের রসিদের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে।

গুগল তথ্য যাচাই করার পর কয়েক মিনিটের মধ্যে বিষয়টি নিশ্চিত করবে। এরপর একটি পেমেন্ট মেথড যুক্ত করতে হবে।

অফারটি বিনামূল্যে হলেও চালু করার সময় আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত একটি পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টে এনডোর্স করা ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করা যাবে। তবে ১২ মাসের ট্রায়াল চলাকালে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না।

পড়াশোনায় জেমিনির নতুন সুবিধা

শিক্ষার্থীদের পড়াশোনায় জেমিনির ব্যবহার আরও কার্যকর করতে নতুন কিছু সুবিধাও যুক্ত করছে গুগল। স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে জেমিনি সেগুলো বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত পড়ার নোট, শিক্ষামূলক পাঠ ও কুইজ তৈরি করতে পারবে।

এ ছাড়া শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ, কঠিন বিষয় বোঝাতে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল, ইন্টার‌্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, সিমুলেশন ও তথ্যের টেবিল তৈরির সুবিধাও থাকবে।

জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে। ফলে বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন জটিল বিষয় শেখা ও বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীরা এআইনির্ভর আরও সহায়ক সুবিধা পাবেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 1