Friday, November 6

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করবেন।

আয়োজকরা জানান, পক্ষকালব্যাপী এ আয়োজনে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে কিরাত মাহফিল, হামদ-নাত, বিষয়ভিত্তিক সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক নানা আয়োজন।

তরুণ প্রজন্মকে রাসুল (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল ও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীরও আয়োজন থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক সেমিনার বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় ধর্মপ্রাণ মুসল্লিদের এসব জ্ঞানগর্ভ আয়োজন ও ইসলামী বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
52 − 47 =