Friday, November 6

জামালপুর শহরের একটি ভাড়া ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে তার দুই শিশুসন্তানকেও উদ্ধার করা হয়।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনের পঞ্চম তলার ভাড়া ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে ইসরাতের দুই সন্তান চিৎকার করছিল। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করেন।

এ সময় ফ্ল্যাটের পাশের একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ইসরাতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন। তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামে। প্রায় এক মাস ধরে তারা ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
75 + = 84