Friday, November 6

আলোচিত ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তাঁর স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন।

বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নালিশি অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিসবাহ আরও একাধিক বিয়ে করেছেন এবং এসব বিয়ের যথাযথ কাবিননামা বা নিবন্ধন ছিল না বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এবিএম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত যৌতুকের অভিযোগে মামলাটি করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আসামি পরবর্তী তারিখে আদালতে হাজির হলে তাঁর বক্তব্য জানা যাবে।

আইনজীবীর দাবি, ধর্মীয় প্রচারের পরিচয়কে কাজে লাগিয়ে মিসবাহ বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক বিয়ে ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

আইনজীবী আরও বলেন, হুমায়রা জান্নাত প্রথমে যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি আদালতে নালিশি মামলা করেন। আসামির বক্তব্য পাওয়ার পর ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে মামলায় আনা অভিযোগগুলো আদালতে বিচারাধীন এবং অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

Leave A Reply


Math Captcha
+ 66 = 72