Friday, November 6

সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে শপথ নেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে এবং শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

অন্যদিকে, শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বহাল থাকছেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
53 + = 56