ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন।
রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল জানান, হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। রিটে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।
উল্লেখ্য, নির্বাচনী হলফনামায় হান্নান মাসউদ তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৮ লাখ ৩৯ হাজার টাকা উল্লেখ করেছিলেন।

