কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার জোৎস্না বেগম (৬০) ও তার নাতনি চাঁদনী আক্তার (১৪)।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকের কাছে নাতনিকে দেখাতে জোৎস্না বেগম কুমিল্লায় এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

