Friday, November 6

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসের যাত্রীরা।

মহাসড়কের দীর্ঘ যানজটের মধ্যে কিছু যানবাহন উল্টো পথে চলাচল করায় কয়েকটি স্থানে উভয়মুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় বেশ কিছু গর্ত থাকায় ওই এলাকায় এসে যানবাহনের গতি কমে যাচ্ছে। ফলে পেছনে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

সড়ক বিভাগ থেকে এর আগে ওই অংশে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী সংস্কার না হওয়ায় মহাসড়কের উভয় পাশেই খানাখন্দ তৈরি হয়েছে বলে জানা গেছে।

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন বাসের চালক শামিম আহমেদ বলেন, ‘চান্দিনা থেকে আমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছেন।’

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন বাসের যাত্রী ইকবাল হোসেন বলেন, চান্দিনা স্টেশনের পর থেকেই তারা যানজটে পড়েছেন। আমতলী এলাকা পার হতে বাসে বসেই প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ কাজ করছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনেও সংস্কারকাজ শুরু করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
24 − 17 =