Friday, November 6

বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন সেসব সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। এখন সেগুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

কিউএস র‌্যাংকিং প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই ধরনের মূল্যায়ন ব্যবস্থা থাকা উচিত। এ ধরনের ব্যবস্থা থাকলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম চালু না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এত বছর পার হলেও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কেন পিএইচডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি, তা ভেবে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী গবেষক রয়েছেন। তাদের অনেকেই নিজেদের জ্ঞান ও দক্ষতা অন্য দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। অথচ দেশের মেধাবীদের যথাযথভাবে চিহ্নিত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে না পারা বাংলাদেশের একটি বড় ব্যর্থতা।

শিক্ষামন্ত্রীর মতে, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি দেশের মেধাবী গবেষকদের ধরে রেখে তাদের দক্ষতা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।

Leave A Reply


Math Captcha
− 4 = 2