নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের দেওভোগে মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

