দিনাজপুরের হিলিতে পৃথক দুটি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মিনহাজ হাসানসহ তিনজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) ভোররাতে হিলির সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মিনহাজ হাসান হিলির লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক অপর দুজন হলেন—মমিন হোসেন ও আরিফ হোসেন। মমিন সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এবং আরিফ ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বা সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মিনহাজ হাসানকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

