রাজধানী ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে গোলাপি রঙের এসব বাস নির্ধারিত রুটে চলাচল করবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।
সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে বিশেষ এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করা এবং পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
উদ্বোধনের পর নির্ধারিত রুটে গোলাপি রঙের বিশেষ বাসগুলো নিয়মিত চলাচল করবে।

