বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আসনটিতে উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার সম্ভাবনার খবর জানার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
হিরো আলম বলেন, ‘আমি আগে সাতক্ষীরা থেকে নির্বাচনের কথা বলেছিলাম। তখন জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হতে পারে। আমার এলাকার মানুষও চান আমি উত্তরাঞ্চলের কোনো আসন থেকেই নির্বাচন করি। সেই চিন্তা থেকেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চান।
তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে হিরো আলমের প্রার্থিতাও এসব আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
এদিকে সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে। এর মধ্যে হিরো আলমের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় আসনটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

