Friday, November 6

সড়কপথে রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এটাই হবে কিশোরগঞ্জে তাঁর প্রথম সফর। দিনব্যাপী সফরে জেলা সদরসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান ও সম্মানী প্রদানসহ নানা কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। একই সঙ্গে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর ঘিরে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিনের সংস্কারবঞ্চিত বিভিন্ন সড়কে দ্রুত মেরামতকাজ চলছে। একই সঙ্গে সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনের কাজও করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
51 − 44 =