সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা মাস্তানি করলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা দেওয়া, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার বা মাস্তানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘সে যেই হোক, এমনকি আমাদের দলের লোক হলেও তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।’
নিতাই রায় চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সেবা করাই তাদের দায়িত্ব। তাই দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে দল-মত বা পরিচয় বিবেচনা না করে তাকে আইনের আওতায় আনতে হবে।
মাদক নির্মূলেও সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলি আহমেদ। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

