Friday, November 6

লোডশেডিংয়ের কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সরকার তা গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তিকর রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’ তিনি বিরোধীদের বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের উপকারে আসে—এমন পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গেও সরকার আলোচনা করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা সরকারের সমালোচনা করছেন, তারা বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই কথা বলছেন। তার ভাষায়, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে।’ তিনি এ ধরনের রাজনীতিকে হঠকারিতা হিসেবে উল্লেখ করেন।

ঢাকা-১৭ আসনের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবায় কাজ করতে গিয়ে অনেক কাজেই সময় লাগে। পাশের একটি লেক পরিষ্কার করতেও ছয় মাস সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, কাজ করা কঠিন হলেও সমালোচনা করা সহজ।

এ সময় সমালোচকদের মাঠে নেমে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত।

বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন। তাদের ওপর নির্যাতন, গুম ও হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময়ে ভুল করেছেন এবং ২০২৬ সালেও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের উসকানির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী।

Leave A Reply


Math Captcha
+ 25 = 33