Friday, November 6

ঢাকা: বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।

১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। দিনাজপুরে শৈশব ও শিক্ষাজীবন কাটানোর পর ১৯৬০ সালে সেনাবাহিনীর তৎকালীন তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দুই সন্তানসহ তিনি আত্মগোপনে ছিলেন। পরে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হয়ে মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত সেনা হেফাজতে ছিলেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিকভাবে বিপর্যস্ত বিএনপিতে খালেদা জিয়ার সক্রিয়তা শুরু হয়। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

এরপর এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক রাজনৈতিক পরিচিতি লাভ করেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের নির্বাচিত নারী সরকারপ্রধানদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন।

১৯৯১-৯৬ মেয়াদে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, শিক্ষা, নারী কর্মসংস্থান ও অর্থনৈতিক খাতে বিভিন্ন উদ্যোগ নেয় তার সরকার। ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ওই মেয়াদে শিক্ষা, নারীশিক্ষা, অবকাঠামো ও অর্থনৈতিক খাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০১৮ সালে দুর্নীতি মামলায় কারাদণ্ডের পর আবারও কারাবন্দী হন। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০২০ সালে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলা, কারাবাস, রাজনৈতিক আন্দোলন ও নানা সংকটের মুখোমুখি হলেও বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন খালেদা জিয়া। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পুরোপুরি মুক্ত হন।

Leave A Reply


Math Captcha
7 + 2 =