Friday, November 6

ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত ইলেকট্রিক মিস্ত্রি মো. আদিব শেখ (১৮)-কে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়। পরে ডেথ সার্টিফিকেট নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে তাঁর হাত নড়ে ওঠে। এরপর তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে ঢাকার মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিবের মৃত্যু হয়।

নিহত আদিব শেখ মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আদিব। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার রাতেই আদিবকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। পরিবারের দাবি, বুধবার সকালে হাসপাতালের চিকিৎসক তাঁদের জানান, আদিব মারা গেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দিয়ে তাঁকে আইসিইউ থেকে বের করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এরপর স্বজনরা অ্যাম্বুলেন্সে করে আদিবের মরদেহ নিয়ে মধুখালীর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এরই মধ্যে তাঁর মৃত্যুর খবর স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা হঠাৎ লক্ষ্য করেন, আদিবের হাত নড়ছে। যদিও তখন তিনি অচেতন ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তাঁকে আবার ঢাকায় নিয়ে যান।

পরে তাঁকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর কবির মন্ডল।

আদিবের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
45 − 37 =