১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী, দুষ্কৃতকারী এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি যাতায়াতের বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রয়োজনে এসএসএফ, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র্যাব।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে র্যাব।

