সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। এবার চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, বুড়িগোয়ালিনীর দুইবারের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা এবং হাইকোর্টের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো প্রতিপক্ষের ষড়যন্ত্রের ফল।
তিনি আরও অভিযোগ করেন, হাজী নজরুলের বিরুদ্ধে ‘মিথ্যা মুখরোচক অপপ্রচার’ চালানো হচ্ছে এবং এর পেছনে ‘প্রাসাদ ষড়যন্ত্র’ রয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে গাজী নজরুল বলেন, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের উদ্ভব কঠিন হয়ে পড়তে পারে। সুন্দর ও নিরাপদ শ্যামনগর গড়তে বিষয়টি বিবেচনার জন্য সচেতনদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এ ঘটনার পর জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়।
ভিডিওকাণ্ডের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন গাজী নজরুল। তবে পরবর্তীতে সেসব পোস্ট আর তার ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায়নি। সর্বশেষ ১৮ জুলাই ‘চলমান আন্দোলনে শিক্ষার্থী এবং দায়িত্বশীলদের প্রতি পরামর্শ’ শিরোনামে তার একটি পোস্ট পাওয়া যায়।
হাজী নজরুলকে নিয়ে দেওয়া সর্বশেষ পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ সমালোচনাও করেছেন। এস কে সেলিম রেজা নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আমি আরো ভাবছিলাম আইডি মনে হয় চলে গেছে, এখন দেখা যায় লজ্জা শেষ হয়েছে পোস্ট চালু হয়েছে।’
প্রসঙ্গত, গত সোমবার একটি মামলায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। একই দিনে তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরার আদালত থেকে জামিন পান সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

