Friday, November 6

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী ও স্থানীয়রা।

পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা এলাকা থেকে বাসিত আরিনের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। এর মধ্যে একটি অটোরিকশা অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে দুর্ঘটনার খবর দেন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা রাতভর অভিযান চালিয়ে প্রথমে ছয়জনকে জীবিত উদ্ধার করেন এবং তিনটি মরদেহ পান।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানান, মঙ্গলবার উদ্ধার অভিযান চালিয়ে আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধারকারীরা জানান, খালে তলিয়ে যাওয়া যাত্রীদের মরদেহ ঘটনাস্থল থেকে অনেক দূরেও পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও মরদেহ পাওয়া গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, খালটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর এবং এর প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। কৃষিকাজে সেচের জন্য ওই এলাকার মানুষ খালের পানি ব্যবহার করেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

Leave A Reply


Math Captcha
+ 43 = 44