Friday, November 6

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) মিলিয়ে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রদের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রদের ৫১ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৪৮ শতাংশ এবং ছাত্রদের ৫৫ দশমিক ১৯ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

এবার এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের পর আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
+ 45 = 52