Friday, November 6

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে সাম্প্রতিক ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করতে ছাত্রলীগের পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের অস্ত্রসজ্জিত বিভিন্ন ভিডিওকে ছাত্রদলের ভিডিও হিসেবে বিভিন্ন ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে।

পোস্টে রাশেদ খান লিখেছেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার পর সারাদেশের ‘জাশিরা’ উল্লাস প্রকাশ করেছিল। তবে বর্তমানে ছাত্রদল প্রতিরোধ গড়ে তোলায় ছাত্রলীগের পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে এবং বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

রাশেদ খানের ভাষ্য, শক্তি প্রদর্শনের চেষ্টা করতে গিয়ে ছাত্রশিবির ব্যর্থ হয়েছে এবং এখন ‘মায়াকান্না’ করছে। তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি দাবি করেন, নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করতে গিয়ে শেষ পর্যন্ত ছাত্রলীগের পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
77 − = 75