Friday, November 6

গোপালগঞ্জ প্রতিনিধি:
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।

এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যৌথ টহল, চেকপোস্ট পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগাম প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির মোতায়েন ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
47 − 38 =