বরিশালের মেহেন্দিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে সুজন আকন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে স্থানীয়রা একটি বাড়ি থেকে সুজনকে আটক করেন। মঙ্গলবার দিনভর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও সমঝোতা না হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন।
স্থানীয়দের দাবি, সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর সুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়। এ নিয়ে আগে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে ওই নারীর বাড়িতে গেলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের একসঙ্গে দেখতে পেয়ে আটক করেন।
অভিযোগ অস্বীকার করে সুজন আকন বলেন, ওই নারী তার দূরসম্পর্কের ভাবি এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
এদিকে, সুজন জামায়াতে ইসলামীর কর্মী—এমন দাবির বিষয়ে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সেলিম শিকদার বলেন, সুজন সংগঠনের কোনো কর্মী নন। তার ভাষ্য, কোনো সভা-সমাবেশে ছবি থাকলেই কাউকে দলের নেতা বা কর্মী বলা যায় না।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

