Friday, November 6

রাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, জুলাই আন্দোলনে অন্য যেকোনো ছাত্রসংগঠনের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল। তার ভাষ্য, এ আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় নাছির উদ্দীন নাছির বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম ও শহীদ রাব্বিসহ যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।”

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে প্রকাশ্যে রাজপথে থেকে সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল।”

আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনে আহতদের পরিবারের খোঁজখবর নিয়েছি এবং নিহতদের কবর জিয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে।”

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
60 − = 52