রাজধানীর সবজির বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বেশির ভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। পাশাপাশি পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১৪০ টাকা। পটল, ঢ্যাঁড়শ, কাকরোল ও ঝিঙা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপের দাম কেজিপ্রতি ৪০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ৬০ টাকায় পৌঁছেছে। এছাড়া কচুর লতি ও কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লেবু প্রতি হালি ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতার দাম কেজিতে ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা এবং চাল কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কেপসিকামের কেজিপ্রতি দাম ৩৫০ টাকা।
শাকের বাজারেও বেড়েছে দাম। লাল শাক প্রতি আঁটি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও রয়েছে উচ্চমূল্যের প্রভাব। চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ভেটকি মাছের দাম ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। চাষের কই মাছ ৩০০ টাকা এবং পোয়া মাছ ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শোল মাছের দাম প্রতি কেজি ৭০০ টাকা এবং চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা। তবে রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে হাজার টাকারও বেশি।
ইলিশ মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়।
মুরগির বাজারে সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা।
ডিমের বাজারেও মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রতি ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকায়। দেশি মুরগির ডিম প্রতি হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম প্রতি হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দামের চাপ সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

