Friday, November 6

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৪৫)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন নিহত তাজবীরের বাবা পথিক, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শামীম ও জিয়াউল, মেলান্দহ উপজেলার আনোয়ার এবং মধুপুরের আবু নাঈম ও হনুফাসহ অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, রাতে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =