সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার হওয়ার পর শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে ‘শিক্ষক সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের দাবি জানিয়েছেন আলোচিত শিক্ষিকা বিউটি রানী পাল।
মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে দেশের শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক, বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিউটি রানী বলেন, তাঁর পাশে দাঁড়ানো সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং সমাজের বিশিষ্টজনদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন তিনি পেয়েছেন, তা তাঁকে সাহস ও প্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।”
সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়ে বিউটি রানী বলেন, দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি।
এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর দাবি, শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এখন সময়োপযোগী আইনি সুরক্ষা অত্যন্ত জরুরি।

