Saturday, November 7

খুলনা প্রতিনিধি |

অপরাধীর রাজনৈতিক পরিচয় বা দলীয় সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। অপরাধের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রোববার (২৬ জুলাই) সকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, খুলনা রেঞ্জে আধুনিক ও কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেসড), প্রযুক্তিনির্ভর (টেক-বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বিত প্রয়োগ করা হবে। এতে অপরাধ প্রতিরোধ এবং তদন্ত কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশি কার্যক্রম পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হয়।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন এবং জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের কার্যক্রমে কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে তা নিয়ে গঠনমূলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্যে অপরাধ দমনে নিরপেক্ষতা, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং জনগণের অংশগ্রহণমূলক পুলিশিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 6